চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এর আগে জানিয়েছিলেন, চীন সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় গ্রেট হলে শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান ও কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।
মাহদী আমিন বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে এ বৈঠক ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বহুমাত্রিক ও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক—সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
চীন সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টাও সফরে রয়েছেন। তারা হলেন—হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে গত সোমবার রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান তিনি। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর বুধবার বিকেলে বেইজিংয়ে যান।
সফরের শেষ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সব কর্মসূচি শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



