সরকার শিক্ষাখাতে বিনিয়োগকে ‘সরকারি বিনিয়োগ’ হিসেবে বিবেচনা করে তা ধারাবাহিকভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ধাপে ধাপে এ খাতের বরাদ্দ বৃদ্ধি করে তা জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষাখাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বৃদ্ধি করে জিডিপির ৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আগামী অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। টাকার অঙ্কে এই বরাদ্দ দাঁড়াচ্ছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের লক্ষ্যেই এই বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের মূল উদ্দেশ্য।
তিনি মনে করেন, শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



