শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু সরকার নয়, শিক্ষার্থীসহ সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদা সম্পর্কে তিনি অবগত হতে চান। এ বিষয়ে উপাচার্যের কাছে লিখিত আকারে সমস্যার তালিকা চাওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট ও অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের পুরোনো আবাসিক হলগুলো সংস্কার করা প্রয়োজন। যেসব ভবন ঝুঁকিপূর্ণ ও পুরোনো হয়ে গেছে, সেগুলোর সংস্কার ও উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার মান বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণাকে আরও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, সেশনজট নিরসনে সরকার কাজ করছে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীদের সময় নষ্ট না হয়।
মন্ত্রী জানান, ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার রুটিন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব রয়েছে। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষিত তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



