শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব কমাতে বড় পদক্ষেপ নিয়েছে বালেন্দ্র শাহ-এর নেতৃত্বাধীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে দেশের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে যুক্ত ছাত্রসংগঠনগুলো সরিয়ে ফেলা হবে।

এই উদ্যোগটি সরকারের ঘোষিত ১০০ দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় ছাত্রসংগঠনের কাঠামো ভেঙে দেওয়া হবে। এর পরিবর্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ভিত্তিতে ‘শিক্ষার্থী কাউন্সিল’ গঠন করা হবে।
এই সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাঙ্গনে একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুস্থ পরিবেশ তৈরি করা। সরকারের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত হবে এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নত হবে।
এদিকে শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রচলিত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প ও মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের সেশন জট কমাতে শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী সময়মতো পরীক্ষার ফল প্রকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করা হয়েছে।
সূত্র: নেপাল নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


