বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শতভাগ বেতন সরকারি অংশ থেকে পাচ্ছেন। উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ দেওয়া হচ্ছে, যা ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে।
তিনি আরও জানান, চলতি বছরে আরও ১০ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে এটি ধাপে ধাপে শতভাগে উন্নীত করা হবে। পাশাপাশি চিকিৎসা ভাতা ও বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধাও আংশিকভাবে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এহছানুল হক মিলন বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এখন সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগে এমপিওভুক্ত স্কুল ও কলেজে পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো, যা এখন বাতিল করা হয়েছে।
বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত প্রার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানেই সরাসরি চাকরি পাওয়া নয়; এটি শুধু শিক্ষকতা পেশায় প্রবেশের যোগ্যতা অর্জনের সনদ। পরবর্তীতে চাকরি পাওয়া বা না পাওয়া নিয়োগ প্রক্রিয়া ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



