উন্নত চিকিৎসা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

রোববার (১৫ মার্চ) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টা ভ্রমণের পর মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ডা. রফিকুল ইসলাম আরও জানান, সিঙ্গাপুরে যাওয়ার পথে তার কোনো ধরনের শারীরিক জটিলতা দেখা যায়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দিচ্ছেন।
এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


