রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়।
আদেশে জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় ব্যয়ে আসামিপক্ষের আইনজীবী হিসেবে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়।
এদিকে একই দিনে বিকেলে আদালত মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন। আগামী ১ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে প্রধান আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্র দাখিলের পর আদালত মামলাটি বিচারের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন। শুনানির সময় দুই আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হলেও এজলাসে তোলা হয়নি।
এর আগে গত ২০ মে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিনে তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



