বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাদের আঁকা চিত্রে অটোগ্রাফ দেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষ করে তিনি পাশেই অবস্থিত স্কুলে যান।
অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় নির্মাণাধীন ভবনের পাশের এই স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষ থেকে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। বিষয়টি তার নজরে এলে তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
পরবর্তীতে মূল অনুষ্ঠান শেষে তিনি সরাসরি বিয়াম ল্যাবরেটরি স্কুলে যান এবং তিনটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। সেখানে কিছু সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। তাকে কাছে পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।
তিনি প্রথমে দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এ সময় শিশুরা তাদের আঁকা ছবি তাকে দেখায় এবং কেউ কেউ তাঁর অটোগ্রাফ নেয়। শিক্ষার্থীরা বড় হয়ে কী হতে চায়, সেই স্বপ্নের কথাও জানায়।
প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গেও মতবিনিময় করেন। বেলা ১১টা ৫ মিনিটে স্কুলে প্রবেশ করে তিনি প্রায় ১৫ মিনিট শ্রেণিকক্ষে অবস্থান করেন বলে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


