শিশুদের জন্য নতুন একটি গেমিং অ্যাপ চালু করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আট বছর বা তার কম বয়সী শিশুদের জন্য তৈরি এই অ্যাপটি বিজ্ঞাপনহীন এবং ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে।

প্রযুক্তি সংক্রান্ত একটি সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ‘প্লেগ্রাউন্ড’ নামের একটি ফ্রি অ্যাপ চালু করেছে প্রতিষ্ঠানটি। নেটফ্লিক্সের যেকোনো সাবস্ক্রিপশন থাকলেই এই গেম খেলা যাবে।
নেটফ্লিক্স জানিয়েছে, এই গেমে কোনো বিজ্ঞাপন থাকবে না এবং আলাদা করে কোনো কেনাকাটার প্রয়োজনও হবে না। ইন্টারনেট বা ওয়াইফাই ছাড়াই এটি ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, দীর্ঘ প্লেন ভ্রমণ বা কেনাকাটার সময় শিশুদের ব্যস্ত রাখার জন্য এটি একটি চমৎকার মাধ্যম হতে পারে।
কোম্পানিটি শিশুদের জন্য ধাপে ধাপে আরও বড় হতে থাকা গেমের সংগ্রহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শুরুতেই জনপ্রিয় কিছু ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে গেম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘পেপ্পা পিগ’-এর প্লেটাইম গেম, যেখানে পেপ্পা ও তার বন্ধুদের নিয়ে ছোট ছোট অনেক গেমের সংগ্রহ রয়েছে।
এছাড়া ‘সিসেমি স্ট্রিট’ ভিত্তিক একটি গেম রয়েছে, যেখানে শিশুরা তাদের প্রিয় এলমো, বিগ বার্ড, কুকি মনস্টার, অস্কারসহ জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে খেলতে পারবে। পাশাপাশি রয়েছে মেমোরি কার্ড, ডট মিলানোর মতো ছোট ছোট গেমের সংগ্রহ।
এ তালিকায় ড. সিউস-এর গল্পভিত্তিক কিছু গেম এবং ব্যাড ডাইনোসরস শো-ভিত্তিক একটি রেসিং গেমও রয়েছে। পাশাপাশি স্টিকার সংগ্রহ, বুক কালেকশন এবং জিগস পাজলের মতো ধাঁধার গেমও যুক্ত করা হয়েছে। প্রতিটি গেমই ছোট শিশুদের কথা মাথায় রেখে তৈরি।
নেটফ্লিক্সের এই অ্যাপটি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে পাওয়া যাচ্ছে। আগামী ২৮ এপ্রিল এটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। মূল নেটফ্লিক্স অ্যাপেও এখন কিছু সাধারণ গেম খেলার সুযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের গেমিং বিভাগ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এর আগে ২০২৪ সালে কোম্পানিটি তাদের বড় বাজেটের একটি গেমিং স্টুডিও বন্ধ করে দেয় এবং পরবর্তীতে প্ল্যাটফর্ম থেকে একাধিক গেম সরিয়ে নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


