নির্বাচনের সময় অনেক ভোটারকেই ভোটকেন্দ্র ও ভোটার নম্বর নিয়ে ঝামেলা পোহাতে হয়। ভোটারদের এই দুশ্চিন্তা দূর করতে চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন ঘরে বসেই স্মার্টফোন বা সাধারণ ফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডে জানা যাবে কাঙ্ক্ষিত সব তথ্য।
‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ- ডিজিটাল বাংলাদেশের আধুনিক ভোটারদের জন্য সবচেয়ে সহজ সমাধান হলো এই অ্যাপটি। Play Store বা App Store থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ বেছে নিন। এরপর ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ও জন্ম তারিখ দিলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কেন্দ্র, ভোটার নম্বর এবং কেন্দ্রের অবস্থান।
হটলাইন ১০৫- যাদের ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে, তাদের জন্য ইসি চালু রেখেছে ২৪ ঘণ্টার বিশেষ সেবা। যেকোনো ফোন থেকে কল করুন ১০৫ নম্বরে। কল করে সরাসরি অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপুন। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবাটি চালু থাকবে। তবে মনে রাখবেন, কল করার আগে আপনার এনআইডি নম্বরটি হাতের কাছে রাখুন।
এসএমএস- সাধারণ একটি খুদে বার্তার মাধ্যমেই জেনে নিতে পারবেন আপনার তথ্য। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন-PC <স্পেস> NID Number তারপর পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসেই আপনাকে আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানিয়ে দেওয়া হবে।
ইসির অফিসিয়াল ওয়েবসাইট -ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারকারীরা ব্রাউজারে গিয়ে লগইন করুন ecs.gov.bd ওয়েবসাইটে। ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে এনআইডি ও জন্ম তারিখ দিয়ে ব্যক্তিগত তথ্য খোঁজা যাবে। এছাড়াও এই ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান ও যাওয়ার পথ দেখার বিশেষ সুবিধাও রয়েছে।
আরও পড়ুনঃ
শেষ মুহূর্তের সব জটিলতা এড়াতে আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বরটি সংগ্রহ করে নিতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


