দেশে নারী শিক্ষার প্রসারে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণভাবে বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা তার কাছে সন্তোষজনক নয়। তিনি একটি আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান। এ লক্ষ্যে আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলব্যাগ, পোশাক ও জুতা সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিজের প্রবাস জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিদেশে থাকতে হয়েছে। তখন বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নত অবকাঠামো ও পরিবেশ দেখে মনে প্রশ্ন জেগেছিল—বাংলাদেশের শিক্ষার্থীরা কবে এমন সুযোগ পাবে। সেই অভিজ্ঞতা থেকেই দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে।
নারী শিক্ষার বিষয়ে তিনি বলেন, অতীতে বিএনপি সরকার দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করেছিল। এবার সেই সুযোগ আরও সম্প্রসারণ করে স্নাতক পর্যায় পর্যন্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মেধাভিত্তিক উপবৃত্তি চালু রাখা হবে, যাতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হয়।
বক্তৃতায় তিনি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসও স্মরণ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
তিনি বলেন, এসব আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের নিশ্চয়তা। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে এ সংকটে জনগণ ভোগান্তির শিকার হয়েছে। সমস্যা সমাধানে বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী যৌথ কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশা প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সংসদকে জনগণের অধিকার রক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জবাবদিহিমূলক। জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


