ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এখনো ‘সিঙ্গেল’। যদিও তার সহশিল্পী ও বন্ধুদের অনেকেই নতুন জীবন শুরু করে বিয়ে করেছেন, সাফা নিজের সিদ্ধান্তে অনড়। সম্প্রতি এই বিষয়ে তিনি মুখ খুলেছেন এবং জানান, তিনি তাড়াহুড়া করে বিয়ে করতে চান না। বরং এমন কাউকে খুঁজছেন, যাঁর সঙ্গে আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠবে। মিলে গেলে তবেই তিনি জীবনসঙ্গী হিসেবে কবুল করবেন।

সাফা বলেন, তার পরিবার বিয়ের বিষয়ে কোনো চাপ দেয় না। ছোটবেলা থেকেই বাবা-মা তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। তিনি জানান, “আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু-আম্মু সব সময় আমাকে বলেছে—যেটা মন চায় সেটাই করো, ভালো থাকো। তারা চাইলে আমাকে চিকিৎসক বা প্রকৌশলী হিসেবে দেখাতে পারতেন, কিন্তু তারা সব সময় আমার ইচ্ছাকে সম্মান করেছে।”
অভিনয়ে আসার পর সমাজ ও আশপাশের মানুষের নানা মন্তব্য শুনতে হয়েছে। তবে সাফা জানালেন, বাবা-মা সব সময় তার পাশে ছিলেন। তিনি বলেন, “অনেক কথা শুনতে হয়েছে, আম্মু-আব্বুকেও শুনতে হয়েছে। কিন্তু তারা সব সময় বলেছে—সাফা যেটা চাইবে সেটাই হবে। তারা আমাদের নিয়ে খুশি।”
বিয়ের ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট—বয়স হয়ে গেছে বা সবাই বিয়ে করেছে, সেই কারণে নয়। হুটহাট বিয়ে করার চেয়ে আস্থা ও বোঝাপড়ার সঙ্গে বিয়ে করাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।
সাফা কবির জানান, আপাতত এমন কাউকে পাননি, যার সঙ্গে সারাজীবন দ্বিধাহীনভাবে থাকা যাবে। তিনি বলেন, “দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। খুব সুদর্শন বা অসাধারণ হওয়া জরুরি নয়। ভালো মানুষ মানে, মন থেকে ভালো, সৎ, স্বচ্ছ, যত্নশীল, বোঝাপড়াসম্পন্ন এবং সহযোগিতাপরায়ণ। যাঁর সঙ্গে জীবন আরাম করে কাটানো সম্ভব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


