রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২ জুন) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই আদেশ দেন। এর আগে সকালে মামলার চার্জগঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান এবং তা গঠন করার আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৪ মে একই আদালত এই শুনানির দিন ধার্য করেছিলেন। ওই দিন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া পুলিশের তদন্ত প্রতিবেদন (অভিযোগপত্র) আমলে নেন আদালত। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।
তারও আগে, মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি সোহেল রানার বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের সত্যতা ও প্রমাণ পাওয়া গেছে। মামলাটিতে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। ময়নাতদন্ত ও তদন্তে হত্যার আগে তাকে ধর্ষণের আলামত মিলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



