বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
ইউএই কেন্দ্রীয় বিএনপি যুগ্ম আহ্বায়ক শরাফত আলীর সভাপতিত্বে এবং শেখ শহীদুল হক ও নুরুন্নবী ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী বাবুল বলেন, “১৭ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে। দলের প্রতিটি কর্মী জীবনের ঝুঁকি নিয়ে, মামলা-হামলার শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছে এবং সফল হয়েছে। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব। এছাড়া আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, সারোয়ার আলম ভূট্টো, দুবাই বিএনপির সহ-সভাপতি জানে আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু এবং মহিলা দলের নেত্রী রাজিয়া বেগম আমেনা। এ সময় আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



