বিশ্বকাপের উত্তেজনা শুরু হতেই যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির পশ্চিমের শহর লরেন্সে ক্যাম্প বসিয়েছে আলজেরিয়া জাতীয় ফুটবল দল। সেখানে পৌঁছেই অভূতপূর্ব সমর্থনের মুখে পড়ে আফ্রিকার এই দলটি।

হোটেলের বাইরে প্রথম দিনেই প্রায় পাঁচ থেকে ছয়শ সমর্থক দলকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত হন। এমন ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি কোচ ভ্লাদিমির পেতকোভিচ। তিনি জানান, সমর্থকদের এই উচ্ছ্বাস দেখে তার গায়ের রোম দাঁড়িয়ে গিয়েছিল।
শুধু প্রবাসী আলজেরীয় সমর্থকরাই নন, স্থানীয় মার্কিন ফুটবলপ্রেমীরাও দলে দলে ভিড় করছেন তাদের অনুশীলন দেখতে। বিদেশের মাটিতে এমন আন্তরিকতা দলটিকে “দ্বিতীয় ঘর” পাওয়ার অনুভূতি দিয়েছে বলে জানান কোচ ও খেলোয়াড়রা।
এই অভাবনীয় সমর্থনের প্রতিদান মাঠে দিতে চায় আলজেরিয়া। বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটিতেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আলজেরিয়া ও আর্জেন্টিনা।
একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে, অন্যদিকে ২০১৪ সালের পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়া বড় চমক দেখাতে মুখিয়ে আছে।
কোচ পেতকোভিচ আর্জেন্টিনাকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে মানলেও ফুটবলের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক বড় বড় অঘটন প্রমাণ করছে—ফুটবলে কিছুই অসম্ভব নয়।
নিজেদের আত্মবিশ্বাস ও সমর্থকদের অনুপ্রেরণাকে শক্তি হিসেবে নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে আলজেরিয়া—এমনটাই আশা করছে দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



