সন্ধ্যার মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ খুলনা বিভাগের কিছু এলাকায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


