সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলে নতুন করে কার্যক্রম শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে এনসিপির পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নববর্ষের দিনে মানুষের প্রত্যাশা আরও বেশি থাকে। তরুণ প্রজন্ম বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে ও আত্মত্যাগ করেছে। সেই লক্ষ্য বাস্তবায়নই এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, পয়লা বৈশাখে যেমন হালখাতা খোলা হয় এবং আগের সব হিসাব-নিকাশ পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের বকেয়া সংস্কারও এখন পরিশোধ করা প্রয়োজন। এই বকেয়া বলতে তিনি ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নকে বোঝান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশিত সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। ফলে রক্তের বিনিময়ে পাওয়া পরিবর্তনের যথাযথ মূল্য এখনো পরিশোধ করা বাকি রয়েছে।
তিনি বলেন, নতুন বছরের শুরুতে তাদের অঙ্গীকার হলো জনগণের এই ‘বকেয়া’ পরিশোধ করা। পাশাপাশি যারা গণভোটের রায় বা সংস্কার বাস্তবায়নকে বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান আরও শক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


