জ্বালানি ক্রয়ে ক্রেতাদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। একই সঙ্গে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (২৭ মার্চ) মালিক সমিতি এক বিবৃতিতে এসব আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত। সাধারণ মানুষকে প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনা এবং পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনও দেখিনি। এ অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।’
বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে বাধ্য হতে পারে, যা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
বিবৃতিতে আশা প্রকাশ করা হয় যে, আগামীকাল (শনিবার) থেকেই জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুনরায় পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। জনস্বার্থে সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের অনুরোধ জানানো হয়।
অপরদিকে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। কালোবাজারিরা মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে বলেও জানান তিনি।
এদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


