ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কেন্টের জার্সিতে অভিষেকটা দারুণভাবে রাঙিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৯ উইকেট তুলে নিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ফাইফারও পূর্ণ করেন এই ডানহাতি পেসার। এমন সাফল্যকে নিজের জন্য ‘স্বপ্নের মতো’ বলে মন্তব্য করেছেন হাসান।

কেন্টের প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, একজন ফাস্ট বোলারের জন্য প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পাওয়া বিশেষ কিছু। দলের জন্য অবদান রাখতে পারা এবং নিজের পরিকল্পনা সফল হতে দেখা তার কাছে অসাধারণ অনুভূতির বলে জানান তিনি।
কেন্টের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে নামার গৌরবও অর্জন করেছেন হাসান। অভিষেক ক্যাপটি তিনি গ্রহণ করেন দলের অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ডের কাছ থেকে। বিষয়টিকে নিজের ক্যারিয়ারের একটি সম্মানজনক মুহূর্ত হিসেবে দেখছেন এই টাইগার পেসার।
হাসান জানান, বেল-ড্রামন্ড দীর্ঘদিন ধরে কেন্টের গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং তার কাছ থেকে অভিষেক ক্যাপ পাওয়া ছিল বিশেষ অভিজ্ঞতা। সতীর্থদের করতালিতে স্বাগত পাওয়ার মুহূর্তটিও তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
ইংল্যান্ডের কন্ডিশনে দ্রুত সফল হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন ২৫ বছর বয়সী এই বোলার। তার মতে, বাংলাদেশের তুলনায় ইংল্যান্ডে বল বেশি সুইং করে, তাই ফুলার লেন্থে বোলিং করলে সাফল্যের সম্ভাবনাও বাড়ে। সেই পরিকল্পনা অনুযায়ী বোলিং করেই তিনি কাঙ্ক্ষিত ফল পেয়েছেন বলে জানান।
অভিষেক ম্যাচে পাওয়া উইকেটগুলোর মধ্যে ইংল্যান্ডের তারকা ব্যাটার লিয়াম লিভিংস্টোনের উইকেটকে সবচেয়ে মূল্যবান মনে করছেন হাসান। ম্যাচের দুই ইনিংসেই লিভিংস্টোনকে আউট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।
বর্তমানে কেন্টের হয়ে খেললেও খুব শিগগিরই জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য দেশে ফিরবেন হাসান। পাশাপাশি লঙ্কা প্রিমিয়ার লিগেও অংশ নেবেন তিনি। এরপর সেপ্টেম্বরে আবার কেন্টে ফিরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে আরও চারটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



