সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ সরবরাহে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য প্রতিটি হাসপাতালে ডাবল ফিডার বা পৃথক দুটি বিদ্যুৎ লাইনের সংযোগ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।

বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ৫০ শয্যার হাসপাতালগুলোতে রোগীদের সেবা দিতে গিয়ে চাপ সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবার অভাবে কষ্ট না পায়, সে লক্ষ্যেই সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি হাসপাতালের বাথরুমের পরিচ্ছন্নতা এবং রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মানও পর্যালোচনা করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাজিবুর রহমান, ডা. ফারজানা সুলতানা পুনমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



