রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নিরবতা ভেঙে আবার সরব ও উৎসবমুখর হয়ে উঠেছে। সোমবার সকাল থেকে দেখা গেছে নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি।

সকাল ১১টায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে আসলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানান। তিনি নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের চেম্বারে গিয়ে বসেন।
সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।
এয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন।
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়টি প্রায় নেতা-কর্মী শূন্য ছিলো, অলস সময় কেটেছে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের।
সোমবার সকালে দেখা গেলো উল্টো চিত্র। অফিস কর্মীরা আনন্দ-উৎফুল্লে, সাজ-গোছ করা হয়েছে ব্রিফিং কক্ষ।
বিএনপি দপ্তরের কর্মকর্তা রেজাউল করিম বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আসবেন, সেজন্য সকাল থেকে আমরা রেডি ছিলাম। স্যার এসেছেন আমাদের ভালো লাগছে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন তলায় নিজের চেম্বারে বসেন। চেম্বারে বসে বিএনপি মহাসচিব দপ্তরের সহ সম্পাদকদের নিয়মিত অফিস করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাজ-কর্মের খোঁজ-খবর নেন এবং সকলকে নিয়মিত অফিসে থাকার কথা বলেন। তাদের বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিয়মিত অফিস করবেন। কোনো কাজ ফেলে রাখা যাবে না। নেতা-কর্মীরা দূর দূরান্ত থেকে এলে তাদের সহযোগিতা করবেন। এটাতে যেন কোনো শিথিলতা না হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নয়াপল্টনের অফিসে প্রায় ৪৫ মিনিট অবস্থানের পর বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী সচিবালয়ে উদ্দেশ্যে অফিস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


