সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম এরশাদুল আলম সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত এরশাদুল আলম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়া দরবারের খাদেমবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দলীয় নেতারা জানান, প্রায় তিন মাস আগে ছুটি কাটাতে তিনি দেশে এসেছিলেন। ছুটি শেষে আবার সংযুক্ত আরব আমিরাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সহকর্মীদের ভাষ্য, এরশাদুল আলম প্রবাসী রাজনীতিতে একজন সক্রিয় ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের কল্যাণে কাজ করে আসছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে ইউএই প্রবাসী বাংলাদেশি সমাজের পাশাপাশি শ্রমিক দল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পর্যায়ের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



