প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি। সেই সঙ্গে সিন্ডিকেটমুক্ত রাখার চেষ্টাও করা হবে।

সোমবার (৬ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণ করার পর পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতজনের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে এসেছে।
তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে তাদের পরিবারকে বলেও জানান তিনি।
২০ বছর বয়সে পরিবারের হাল ধরতে পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ ১৫ বছরের প্রবাসজীবন ছিল তার। একটাই লক্ষ্য ছিল—পরিবারের মুখে হাসি ফোটানো।
কিন্তু সে স্বপ্নই রয়ে গেল অপূর্ণ। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের আবদুল্লাহ আল মামুন এবার দেশে ফিরলেন লাশ হয়ে।
পরিবার জানায়, ঈদুল ফিতরের এক মাস পর দেশে ফিরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ছিল তার।
গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারজ এলাকায় একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হন মামুন।
শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায় তার। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়। তার মরদেহ বহনকারী বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


