আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব নির্দেশনা প্রদান করেন। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার পরিবেশ যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। নকল, অসদুপায় অবলম্বন কিংবা যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী। এছাড়া বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিবরা এতে অংশ নেন।
সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



