দেশের বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আশুলিয়া, বাইপাইল, সাভার, কাশিমপুর, নবীনগর, চন্দ্রা, গাজীরচটসহ বিস্তীর্ণ শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা।
তিতাস আরও জানিয়েছে, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো শিল্প এলাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে এই সময়ে গ্যাস থাকবে না। পাশাপাশি সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপও দেখা দিতে পারে।
গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এদিকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী একটি ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সাময়িক এই সরবরাহ বিঘ্নের কারণে রান্নাবান্না ও শিল্প উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


