সিলেট টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ১১০ রান তুলতেই দলটি ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ছিল ৩ উইকেটে ১০১ রানে। বিরতির পর দ্রুতই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত সুইংয়ে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে আউট হন শান্ত (২৯)। অন্যদিকে সেট ব্যাটার মুশফিকুর রহিম (২৩) এলবিডব্লিউ হন খুররম শেহজাদের বলে।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
ইনিংসের শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে শূন্য রানে আউট হন মাহমুদুল হাসান জয়, তিনি দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন।
অভিষেক টেস্টে ভালো শুরু করেছিলেন তানজিদ হাসান তামিম। আত্মবিশ্বাসী ব্যাটিং করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। মোহাম্মদ আব্বাসের বলে টপ এজ হয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি।
৩৪ বলে ৩ বাউন্ডারিতে তানজিদের ব্যাট থেকে আসে ২৬ রান। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
আগের টেস্টে জোড়া হাফসেঞ্চুরি করা মুমিনুল হকও থিতু হয়ে আউট হন। খুররম শেহজাদের ডেলিভারিতে স্টাম্প উপড়ে যায় তাঁর। ৪১ বলে ৩ চারসহ ২২ রান করে ফেরেন তিনি। ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



