তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে তাওহিদ হৃদয়ের অপরাজিত অর্ধশতকে ১২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয় পেয়েছিল টাইগাররা। আর বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৮ সালে ২১৫ রান তাড়া করে জিতেছিল দলটি।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিতে ৪১ রান তুললেও দ্রুতই ছন্দ হারায় দল। সাইফ ১৬ বলে ১৭ রান করে আউট হন, আর তানজিদ করেন ২৫ বলে ২০ রান। অধিনায়ক লিটন দাসও ১৫ বলে ২১ রান করে ফিরে গেলে ১০.১ ওভারে ৩ উইকেটে ৭৭ রান তুলে চাপে পড়ে বাংলাদেশ।
এই অবস্থায় দলকে এগিয়ে নেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তাদের জুটিতে আসে ২৮ বলে ৫৬ রান। ইমন ১৪ বলে ২৮ রান করে আউট হলেও এরপর শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে জয়ের ভিত গড়ে দেন হৃদয়। পঞ্চম উইকেটে মাত্র ১৯ বলে ৪৯ রানের দুর্দান্ত জুটিতে জয় নিশ্চিত হয়। হৃদয় ২৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন, ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা। শামীম ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি নেন দুটি উইকেট। এছাড়া নাথান স্মিথ ও জশ ক্লার্কসন একটি করে উইকেট পান।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই ওপেনার টিম রবিনসন রান আউট হলে চাপে পড়ে কিউইরা। তবে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত দেন। দুজনই সমান ৫১ রান করে আউট হন।
এরপর দ্রুত উইকেট হারিয়ে কিছুটা ছন্দ হারায় নিউজিল্যান্ড। শেষদিকে অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করেন। জশ ক্লার্কসন ১৪ বলে ২৭ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন দুটি উইকেট, আর বাকি তিনজন বোলার একটি করে উইকেট পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


