ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার নোটের ছবি, ভিডিওচিত্র প্রচারের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আসল নোটের মতো কাগজ তৈরি করা, প্রচার কার্যক্রমে ব্যবহার করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বানিয়ে প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ভিডিও চিত্র ও ছবি দেখা যাচ্ছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের মতো, কখনো আসল নোটের তুলনায় বড় আকারের নমুনা নোট ব্যবহার করে নিজস্ব প্রচার চালানো বা কনটেন্ট প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচার পরিচালনার ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে।
আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচার কার্যক্রমে ব্যবহার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র প্রস্তুতপূর্বক প্রদর্শন আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৯(১) অনুযায়ী কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান যদি এরূপ নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলনে থাকা ব্যাংক নোট সদৃশ এবং বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম, তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং উক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একইসাথে ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ধারা ২৫ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ প্রেক্ষিতে, জনসাধারণকে জাল নোট প্রচলন প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বনের পাশাপাশি এরূপ বিভ্রান্তিকর তথ্য বা কন্টেন্ট তৈরি এবং অননুমোদিত কর্মকাণ্ড সংঘটন ও প্রচার থেকে বিরত থাকতে বলছে কেন্দ্রীয় ব্যাংক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


