কিছুদিন আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। প্রথমে বাংলাদেশে অস্ত্রোপচার হয় এবং অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতে তার অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গুণী অভিনেত্রী তানভীন সুইটি। পাশাপাশি স্মৃতিচারণ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। সুইটি বলেন, “জীবনের সর্বক্ষেত্রে লড়াই করেই বেঁচে থাকতে হয়। আমাদের কলিগ, ছোট বোন তানিয়া বৃষ্টি ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। আমি ৪/৫টা নাটক, ওয়েব ফিল্মে ওর সঙ্গে কাজ করেছি। কাজের প্রতি খুব সিরিয়াস এবং সু-অভিনেত্রী।”
তানিয়া বৃষ্টির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন সুইটি। এ অভিনেত্রী বলেন, “প্রথম যখন ওর সঙ্গে কাজ করলাম, তখন অনেক ছোট ছিল ও, দেখতে একটা পুতুলের মতো লাগছিল ওকে, অল্প কথা বলত, চুপচাপ স্বভাবের। অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’ আমরা দুজন কাজ করেছি দুই সতীনের, কি যে অসাধারণ অভিনয় করেছে ও, চরিত্রের সঙ্গে একদম মিশে গেছে। যে ছবিটা দিলাম এটা চয়নিকা চৌধুরীর এক ঘণ্টা নাটকের ছবি, খুব আনন্দ নিয়ে আমরা এই কাজটা করেছি। কো-আর্টিস্ট হিসেবে অসাধারণ তানিয়া।”
তানিয়া বৃষ্টির অসুস্থতার খবরে বিস্ময় প্রকাশ করেন সুইটি। তিনি বলেন, “হঠাৎ একদিন শুনলাম ওর ব্রেন টিউমার হয়েছে, এত ছোট একটা মেয়ে, শুনে অস্থির লাগছিল। চয়নিকা বৌদিকে ফোন করে খবরটা নিলাম। ঢাকায় প্রথম অপারেশন হলো পরে চেন্নাই নিয়ে গেল ওখানে অপারেশন হলো, গতকাল (৩ এপ্রিল) শুনলাম ওর তৃতীয়বার অস্ত্রোপচার হয়েছে। ইনশাআল্লাহ আমাদের তানিয়া সুস্থ হয়ে উঠবে আবার কাজ করবে।”
তানিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে সুইটি বলেন, “মনোবল হলো সবচেয়ে বড় ঔষুধ, আমি পারব এই ইচ্ছা শক্তি থাকতে হবে। সবাই আমাদের তানিয়া বৃষ্টির জন্য দোয়া করবেন, সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কয়েক দিন আগে তানিয়া বৃষ্টির তৃতীয় অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ে। তবে এখনো এটি সম্পন্ন হয়নি। এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, “আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়—নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


