ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে দীর্ঘ চার ঘণ্টার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (পোস্ট-অপারেটিভ কেয়ার) আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারে কোনো জটিলতা হয়নি।

নির্মাতা হাসান রেজাউল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা তানিয়া পর্যবেক্ষণে থাকবেন। পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার সম্ভাবনা থাকায় এখনই পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না।
তানিয়ার অসুস্থতার খবর প্রকাশের পর বিনোদন অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী সামিরা খান মাহি ফেসবুকে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন, হাসপাতালের বিছানায় নয়, আমরা চাই তোমাকে আবার হাসিমুখে আমাদের মাঝে দেখতে। তিনি তানিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তানিয়ার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তার পাশে দাঁড়াচ্ছেন। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করছেন, কেউ শেয়ার করছেন পুরোনো হাসিমুখের ছবি। প্রায় প্রতিটি বার্তায় একটাই প্রার্থনা—“দ্রুত সুস্থ হয়ে উঠুন তানিয়া।”
এর আগে তানিয়া নিজেই ফেসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে দোয়া চেয়েছিলেন এবং শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার অনুরোধ করেছিলেন। ভালোবাসা দিবসে দেওয়া আরেক পোস্টে তিনি লিখেছিলেন, “কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।”
পরিচালক সকাল আহমেদ জানান, বেশ কিছুদিন ধরে তানিয়া তীব্র মাথাব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বর্তমানে তার পরিবার ও সহকর্মীরা অনুরোধ করেছেন, হাসপাতালে ভিড় না করতে এবং ফোনে বিরক্ত না করতে। প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার অগণিত ভক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


