বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তারা ন্যায়-ইনসাফ, কল্যাণ রাষ্ট্র ও কোরআন–সুন্নাহর আলোকে দেশ পরিচালনার কথা বললেও স্বাধীনতার সময়ে সেই ইনসাফের দৃষ্টান্ত তারা দেখাতে পারেনি। তিনি বলেন, যেভাবে লম্ফঝম্প করে গায়ে পড়ে ঝগড়া-বিবাদ করা হচ্ছে, তা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। মানুষের প্রত্যাশা শালীন ও দায়িত্বশীল রাজনীতি। ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর কল্যাণভিত্তিক রাজনীতির দৃষ্টান্ত রেখেছেন বেগম খালেদা জিয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণমিছিলের সূচনায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তাঁর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণে একটি গণমিছিল বের হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
এ্যানি চৌধুরী আরও বলেন, শহীদ জিয়াউর রহমানই সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ সংযোজন করে আলেম-ওলামাদের যথাযথ মর্যাদা দিয়েছেন। একই ধারাবাহিকতা বজায় রেখে বেগম খালেদা জিয়াও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ, কল্যাণ, সাম্য ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


