বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, এ ধরনের শক্তি জনগণের সমর্থন পাবে না এবং তারা স্বাধীনতার চেতনার বিরোধী। এখন তারা নতুন করে বাংলাদেশ গড়ার কথা বলছে, যা জনগণকে বিভ্রান্ত করার কৌশল মাত্র।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে বিজয় অর্জন করাই এখন প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপিকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সুখী ও মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে।
বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী ও গণতান্ত্রিক দল। এই দল কখনো পেছনের দিকে ফিরে তাকায় না, মাথা নত করে না।
তিনি বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ আত্মত্যাগ করেছে। অনেকেই গুম ও নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কেউ মাথা নত করেনি। তারেক রহমানের বর্তমান রাজনৈতিক যাত্রাই নতুন বাংলাদেশের সূচনা।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির প্রথম নির্বাচনি জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


