টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও শক্তিশালী ও আধুনিক করা হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করার ক্ষেত্রে বিএসটিআইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

শনিবার রাজধানীতে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’।
মন্ত্রী বলেন, ভোক্তাদের জন্য মানসম্মত ও সঠিক ওজনের পণ্য নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে উচ্চমানের পণ্য উৎপাদন ও বাজারজাত নিশ্চিত করতে বিএসটিআইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে ভোক্তারা বিএসটিআইয়ের মানচিহ্নকে আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করছে, যা ধরে রাখা ও আরও শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। আলোচক হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্প উদ্যোক্তারা অংশ নেন।
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই ইতোমধ্যে জনগণের আস্থার জায়গায় পৌঁছেছে। তিনি জানান, আধুনিক ল্যাবরেটরি স্থাপন ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে। খুলনা ও চট্টগ্রামে ১০ তলা ভবন ও আধুনিক ল্যাব নির্মাণ সম্পন্ন হয়েছে এবং দেশের ১০ জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে।
বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। দেশের ১১টি জেলায় পূর্ণাঙ্গ ল্যাবসহ আঞ্চলিক ভবন নির্মাণ চলছে এবং আরও ৪২টি জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, প্রধান কার্যালয়ে ১৩ তলা ভবন, রসায়ন ও পদার্থবিজ্ঞান উইংয়ে ৬৭টি আধুনিক ল্যাব এবং ২১টি মেট্রোলজি ল্যাব স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন। পাশাপাশি হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে বিএসটিআই কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, বিএসটিআই ভোক্তা সুরক্ষা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



