জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর পর এবার পাইপলাইনে ভোলার গ্যাস পেতে যাচ্ছে বরিশালবাসী। ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ২২০ কিলোমিটারের মহাসড়ক হতে যাচ্ছে ৬ লেনের। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে দক্ষিণের শিল্প বিনিয়োগকারীরা। খুশিতে উচ্ছ্বসিত বরিশালবাসী।

Advertisement

বরিশাল নগরীর বাসিন্দা গৃহিণী তানিয়া রহমান। ছয় জনের সংসারে রান্নার কাজে লাগে মাসে দুটি গ্যাস সিলিন্ডার। গত একযুগ ধরে ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে আসবে আসবে শুনলেও সেই গ্যাস না পাওয়ায় আক্ষেপ আছে তার। তবে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু কন্যা ভোলার গ্যাস বরিশালে আনার প্রতিশ্রুতি দিলে এখন নতুন আশায় বুক বেঁধেছে।

তানিয়া রহমান বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। কিন্তু হঠাৎ বরিশালে বিয়ে হয়ে যায়। এখানে এসে দেখি সবাই সিলিন্ডারে রান্না করে। দীর্ঘ একযুগ ধরে বরিশালে ভোলার গ্যাস আসবে এমনটা শুনে আসছি। কিন্তু এখনও দেখা হয়নি। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ভোলার গ্যাস বরিশালে আনার। আশা করি সেটা বাস্তবায়ন হলে আমাদের দুর্ভোগ কমবে।

গত ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় শুধু গ্যাস সংযোগই নয় ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ২২০ কিলোমিটার রাস্তা ৬ লেনে উন্নীত করার জন্য এরই মধ্যে জমি অধিগ্রহণ শুরু হয়েছে বলে জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়া, পায়রায় গভীর সমুদ্র বন্দর, পটুয়াখালীতে তাপবিদ্যুৎ কেন্দ্র থাকায় এ অঞ্চল অনেকটা সমৃদ্ধ। দ্বীপ জেলা ভোলায় ৩টি গ্যাসক্ষেত্র রয়েছে। এখন পর্যন্ত ৯টি কূপ খনন করা হয়েছে। আছে ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। ভোলার গ্যাস পাইপলাইনে বরিশালে সরবরাহের দাবি দীর্ঘ বছরের। গ্যাসের সংযোগ ও ভাঙা থেকে ৬ লেনের মহাসড়ক হলে শিল্পে বিপ্লব হবে বরিশালে।

বরিশাল বিসিক মালিক সমিতির সহসভাপতি আব্দুর রহমান বলেন, এটা আসলেই দক্ষিণের মানুষের জন্য আশার বানী। আওয়ামী লীগ সভাপতি বরিশালকে অনেক কিছু দিয়েছেন। এখন ৬ লেনের রাস্তা ও গ্যাসসংযোগ দিলে বরিশাল বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। পাশাপাশি কলকারখানা এ অঞ্চলে গড়ে ওঠায় বেকারত্ব দূর হবে।

পদ্মা সেতুর পর বঙ্গবন্ধু কন্যা ভোলার গ্যাস বরিশালে আনা ও ৬ লেনের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিতে আনন্দে ভাসছে বরিশালবাসী। দ্রুত প্রতিশ্রুতি দুটি বাস্তবায়ন হলে দেশের জিডিপিতে দক্ষিণাঞ্চল বড় ভূমিকা রাখবে মনে করছেন সচেতন মহল।

শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক মিন্টু কর বলেন, বরিশাল শুধু ৬ লেনের রাস্তা আর গ্যাসের জন্য পিছিয়ে আছে। প্রতিশ্রুতি অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা যদি পদ্মা সেতুর মতো এই দুটি জিনিস বাস্তবায়ন করতে পারে তাহলে দেশের জিডিপিতে বরিশাল ভূমিকা রাখবে।

গত বছরের ২২ মে ভোলার ইলিশা-১ এ নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। যোগাযোগে পদ্মাসেতুর মাইলফলকে গ্যাস সংযোগ হলে নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে গোটা দক্ষিণাঞ্চলে। আওয়ামী লীগ সভাপতি বরিশালবাসীর উদ্দেশে দেয়া প্রতিশ্রুতিতে নতুন দিনের স্বপ্ন বুনছে দক্ষিণের জনপদের মানুষরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.