আবির হোসেন সজল : হাতীবান্ধা উপজেলায় পুলিশকে সজোরে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে (৩০) পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার, ২৫ মার্চ সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নে পালানোর ঘটনার পর রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোররাতে তাকে আটক করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে মনিরুল ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঘটে অনাকাঙ্ক্ষিত বিপত্তি। সেখানে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানকে হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান মনিরুল।
প্রকাশ্য দিবালোকে পুলিশের হেফাজত থেকে আসামি পালানোর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক টিম। দীর্ঘ তল্লাশি শেষে আজ ভোররাতে ওই ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে আবারও আটক করতে সক্ষম হয় পুলিশ।
পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত এসআই মতিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘এখন এসব বিষয়ে কথা বলার সময় আমার নেই’ বলে সরাসরি ফোন কেটে দেন।
তবে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি মনিরুলকে ধরতে আমরা রাতভর চিরুনি অভিযান চালিয়েছি এবং সফল হয়েছি। আগে তার বিরুদ্ধে চুরির মামলা থাকলেও, এখন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার কারণে তার বিরুদ্ধে আরও একটি নতুন মামলা করা হবে। অর্থাৎ মোট দুটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আর আসামি পলায়নের ঘটনায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের কোনো অবহেলা ছিল কি না তা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


