প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জাতীয় সংসদে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। অধিবেশনে বলা হয়, এই স্বীকৃতির মাধ্যমে তিনি শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো জাতিকেও সম্মানিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বিষয়টি তুলে ধরে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, টাইম ম্যাগাজিনের এই তালিকায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নাম থাকা দেশের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন জাতিকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করেছে বলে তিনি মন্তব্য করেন এবং সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।
চিফ হুইপ আরও বলেন, সংসদ নেতা দীর্ঘ সময় নির্বাসিত থাকার পর দেশে ফিরে জনগণের মধ্যে নতুন আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছেন। পরে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা এবং বিভিন্ন ধর্মীয় পেশাজীবীদের জন্য সম্মানী প্রদানের মতো উদ্যোগের কথা উল্লেখ করেন। পাশাপাশি কৃষি ঋণের সুদ মওকুফসহ বিভিন্ন কর্মসূচিকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।
সবশেষে তিনি বলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গন—দুই জায়গা থেকেই তারেক রহমান স্বীকৃতি পাচ্ছেন, যা দেশের জন্য গর্বের বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


