কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন— তৎকালীন কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদুজ্জামান (জাহিদ) এবং সৈনিক শাহীন আলম।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সম্প্রতি আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি ওই দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশনা চেয়ে আবেদন জানান। পাশাপাশি তনু হত্যাকাণ্ড-সংক্রান্ত কোনো তথ্য বা তদন্তসংশ্লিষ্ট উপকরণ সেনাবাহিনীর কাছে থাকলে তা তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের অনুরোধও করা হয়।
এদিন মামলার আরেক আসামি হাফিজুর রহমানকে সকাল ১১টার দিকে আদালতে হাজির করা হয়। তবে তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি। পরে আদালত তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলার তারিখ থাকলেও তারা সেদিন আদালতে উপস্থিত ছিলেন না। আদালত কী নির্দেশনা দিয়েছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন। আদেশের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
সূত্রমতে, বর্তমানে কারাগারে থাকা হাফিজুর রহমান (৫২) সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তিনি ২০২৩ সালে অবসর গ্রহণ করেন। গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক মো. মামুনুর রশীদ জানিয়েছেন, আদালত সাবেক দুই সেনাসদস্য জাহিদুজ্জামান ও শাহীন আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারিরও নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসের নিকটবর্তী একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দীর্ঘদিন ধরে মামলাটি আলোচিত হয়ে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



