পোশাক নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় বলিউডের মডেল-অভিনেত্রী উরফি জাভেদকে। টলিউড অভিনেত্রী মনামী ঘোষও পোশাক নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। কখনও ট্রেনের টিকিট, কখনও কাচের টুকরো, কখনও পাটের তৈরি শাড়ি পরে তাক লাগিয়েছেন। এ বার গোছা গোছা হলুদ-রঙা মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি অফ-শোল্ডার পোশাক পরে আলোচনার শীর্ষে এই অভিনেত্রী।

উজ্জ্বল হলুদ রঙের মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি হয়েছে এই অফ-শোল্ডার ড্রেস। পোশাকের ওপরের অংশ বা করসেটে টেপগুলো সুন্দরভাবে বসানো, আর নিচের অংশে কয়েক শ ফিতে ঝালের মতো ঝুলে রয়েছে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে হাতে নেন সাদা রঙের মেজারমেন্ট টেপ দিয়ে তৈরি একটি ব্যাগ। ন্যুড মেকআপ আর মানানসই জুতায় মনামীর লুক নিখুঁত।
এ ধরনের পোশাক বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মনামী ঘোষ জানান, পর্দার সামনে তারকাদের সুন্দর দেখানোর নেপথ্যে যাদের সবচেয়ে বেশি অবদান থাকে, তারা হলেন দর্জি বা ‘মাস্টারজি’। দিন-রাত এককরে ফিতে দিয়ে মাপ নিয়ে, কাপড় কেটে যারা আমাদের মনের মতো পোশাক তৈরি করেন, তাদের সৃষ্টিকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। এটি তার পক্ষ থেকে সাধারণ দর্জিদের ‘সালাম’ জানানোর ব্যবস্থামাত্র।
মনামীর পোশাক দেখে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন, তেমনই ট্রলের শিকারও হয়েছেন। নেটিজেনদের একাংশ তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। অনেকে দাবি করেছেন, স্রেফ প্রচার পাওয়ার জন্যই উরফির মতো অদ্ভুত বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করছেন মনামী। যদিও ট্রলিংকে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের সৃজনশীলতায় মগ্ন থাকতেই পছন্দ করেন এই নায়িকা।
মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার ‘সাতকাহন’ সিরিয়াল দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন মনামী। এরপর দুই যুগ ধরে টিভি সিরিয়াল, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। ‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’, ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’ এর মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হন এই অভিনেত্রী।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০০৪ সালে ‘কালো চিতা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মনামী। তারপর ‘এক মুঠো ছবি’, ‘বক্স নাম্বার ১৩১৩’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশেষে’, ‘মাটি’ ‘বেলাশুরু’, ‘পদাতিক’ এর মতো আলোচিত সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। বলে রাখা ভালো, মনামীর গানের গলাও দারুণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


