দুর্গম পার্বত্য পথের সব প্রতিকূলতা পেরিয়ে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। মঙ্গলবার (২৭ মে) নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)।

এর মধ্য দিয়ে নুরুন্নাহার নিম্নি বাংলাদেশের তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয় করলেন। এর আগে ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীন দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে শিখরে ওঠেন। দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।
গত ১১ এপ্রিল তিনি ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। কাঠমান্ডু ও লুকলা হয়ে তিনি এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেন। সাধারণত মে মাসের ১৫ থেকে ৩০ তারিখকে এভারেস্ট সামিটের উপযুক্ত সময় হিসেবে ধরা হয়।
গত ১৭ মে তিনি চূড়ান্ত অভিযানের জন্য বেজক্যাম্প ত্যাগ করেন। ২৩ মে ক্যাম্প-৪ এ পৌঁছালেও প্রতিকূল আবহাওয়ার কারণে সেদিন শিখরের দিকে এগিয়ে গেলেও আবার ফিরে আসতে হয়। এরপর কয়েকদিন ক্যাম্প-২ এ অবস্থান করে অনুকূল আবহাওয়ার অপেক্ষা করেন।
২৫ মে আবহাওয়া অনুকূলে এলে তিনি আবারও অভিযাত্রা শুরু করেন। সোমবার ক্যাম্প-৪ এ পৌঁছে সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করেন এবং মঙ্গলবার ভোরে সফলভাবে এভারেস্টের শীর্ষে পৌঁছে বাংলাদেশের পতাকা ওড়ান। অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের এক অভিজ্ঞ শেরপা।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নি। তার এ অভিযানের পৃষ্ঠপোষকতাও করে প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে।
২০০৬ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ডওয়ার্কের মাধ্যমে তার পাহাড়ের প্রতি আগ্রহ জন্মায়। এরপর বান্দরবানের পাহাড়ে ভ্রমণ, ভুটান, ভারতের সিকিম এবং নেপালের বিভিন্ন উচ্চ পর্বতে ট্রেকিং তার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে।
২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্প ভ্রমণের পর তিনি আরও উচ্চ পর্বত জয়ের স্বপ্ন দেখেন। ২০২০ সালে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক করার পর পেশাদার পর্বতারোহণে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। পরে ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে যুক্ত হন।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে শীর্ষে পৌঁছান। এরপর এম এ মুহিত দুইবার এভারেস্ট জয় করেন। ২০১৩ সালে সজল খালেদ এভারেস্ট জয় করলেও নামার পথে তিনি প্রাণ হারান। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে বাবর আলী এভারেস্ট জয় করেন। ২০২৫ সালে কক্সবাজার থেকে হেঁটে এভারেস্টে ওঠেন ইকরামুল হাসান শাকিল। এবার ২০২৬ সালে নতুন ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



