সাইফুল ইসলাম : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানীর মালিকানাধীন মানিকগঞ্জের ‘চাপওয়ালা’র শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টে এক কাস্টমারকে কুপিয়ে জখম ও কয়েকজনকে মারধরের ঘটনায় দুই কর্মচারীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

রবিবার গভীর রাতে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জীবন (২৫) ও মুন্না (২২)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, গ্রেফতার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় অবস্থিত ‘চাপওয়ালা’র শ্বশুরবাড়ি’ রেস্টুরেন্টে ভুক্তভোগী মো. আতিকুর রহমান খান তার ৪-৫ জন বন্ধুকে নিয়ে খাবার খেতে যান। সেখানে কয়েকজন নারী কাস্টমারের সঙ্গে আসামিদের দুর্ব্যবহার ও অনৈতিক আচরণ করতে দেখে তারা প্রতিবাদ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে আসামিরা লোহার রড, হাতুড়ি, চাপাতি, ধারালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আতিকুর রহমান ও তার বন্ধুদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা প্রাণভয়ে মূল সড়কের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আসামি মো. ইমরান ধারালো ছুরি দিয়ে আতিকুর রহমানের পিঠে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। পরে আসামি লিখন লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। অন্য আসামিরাও তাকে ও তার বন্ধুদের মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী আতিকুর রহমান খানের চাচা মো. খলিলুল রহমান খান বাদল বাদী হয়ে গত ১৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


