রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি যুগোপযোগী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে বাস্তবমুখী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ওবিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘OBE Curriculum Development Workshop’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, “বিশ্বায়নের যুগে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকে থাকতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা জরুরি।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এ কারিকুলাম বাস্তবায়নে অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পিছিয়ে থাকার সুযোগ নেই। আগামী ব্যাচ থেকেই ওবিই কারিকুলাম পুরোপুরি কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।”
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। তিনি ওবিই-এর প্রেক্ষাপট, লক্ষ্য-উদ্দেশ্য ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এবং কারিকুলাম প্রণয়নে আউটকাম নির্ধারণের কৌশল তুলে ধরেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


