বগুড়ার শেরপুরে আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা এবং মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ২টার দিকে চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নেন মহিপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি বের করার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে যানবাহন থামাতে সংকেত দিচ্ছিলেন। একটি বগুড়াগামী ট্রাককে থামিয়ে তিনি ফায়ার সার্ভিসের গাড়ি বের হওয়ার সুযোগ করে দেন।
ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে গাইবান্ধাগামী দ্রুতগতির একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটি সামনে এগিয়ে গিয়ে দায়িত্ব পালনরত আহসান হাবিবকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীকে হারিয়ে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় এ ধরনের মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


