কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার করা ইয়াবা মালিকবিহীন বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে জীম্বংখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। ভোর ৩টার দিকে মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাশের একটি ঘেরের পানিতে নেমে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপে মোড়ানো কালো রঙের ৪২টি প্যাকেট থেকে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


