উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও সার জব্দ করা হয়েছে। অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দুটি পৃথক অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে। প্রথম অভিযানে পালংখালী বিওপির আওতাধীন বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ বস্তা সার জব্দ করা হয় এবং জাফর (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। তিনি উখিয়ার ২১ নম্বর ক্যাম্পের মৃত জুহারের ছেলে বলে জানা গেছে।
অন্যদিকে, একই ব্যাটালিয়নের আরেক অভিযানে পালংখালী উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ মামুনুর রশিদ নামে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আটক ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



