বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ কথা জানান।

শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান আসবে এবং রোহিঙ্গারা মর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে।
রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার বিকেল তিনটায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পে তুরস্কের সহায়তায় পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের কাছ থেকে সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন। সেখানে তিনি তুরস্কের সহায়তায় পরিচালিত বিভিন্ন মানবিক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



