এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে দারুণ কিছু অর্জনের হাতছানি বাংলাদেশের সামনে। গ্রুপ পর্বের শেষ খেলায় আজ আফঈদা-সাগরিকারা মুখোমুখি হবেন ভিয়েতনামের। যাদেরকে হারানো গেলে মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট! ড্র করেও এমন কিছু অর্জন করতে পারে বাংলাদেশের মেয়েরা। তখন অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের খেলার দিকে।

থাইল্যান্ডের ননথাবুড়ি স্টেডিয়ামে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
গ্রুপ পর্বে খেলা আগের দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পরও হারতে হয়েছিল ২-৩ ব্যবধানে। পরের ম্যাচে চীনের সঙ্গে হার ২-০ গোলে। প্রতিযোগিতায়র তিন গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে ৬টি দল। এবার বাকি দুটি স্থানের জন্য লড়াই ৬ দলের। কেননা তিন গ্রুপের তৃতীয় দল হওয়া শীর্ষ দুই দল জায়গা পাবে কোয়ার্টার ফাইনালে।
আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত হবে। সেক্ষেত্রে ভারত-চাইনিজ তাইপে কিংবা উজবেকিস্তান-জর্ডানের মধ্যকার যে কোনো একটি ম্যাচ ড্র কিংবা দুটি ম্যাচের ফলাফল বড় ব্যবধানে না হলেও হবে।
আর ড্র করেও বাংলাদেশের সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। কারণ গোলগড়ে তৃতীয় সেরার রেসে থাকা সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ। আসরে ৫ গোল হজম করার বিপরীতে দুই গোল দিয়েছেন সাগরিকারা। যে কারণে বাংলাদেশের গোলগড় (-৩)। দুই ও তিনে থাকা তাইপে (-৭) এবং উজবেকিস্তান (-৮) বেশ পিছিয়ে।
বাংলাদেশের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি ম্যাচের আগেরদিন জানান দলের ফরোয়ার্ড সৌরভী আকন্দ প্রীতিও। আজকের ম্যাচে জিততে সর্বোচ্চটা দিয়ে লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের চাপ সামলে অর্পিতা বিশ্বাসরা মাঠ থেকে জয় নিয়ে ফিরবেন সেই প্রত্যাশা লাল সবুজ সমর্থকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


