নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে তানজিমা আঞ্জুম সোহানিয়া যোগদান করেন। তিনি যোগদানের প্রায় চার মাস পরেই তাকে বদলি করা হয়। তার পরবর্তী কর্মস্থল ঢাকা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম। এরআগে গত রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
তানজিমা আঞ্জুম সোহানিয়া ২০১০ সালের চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন। তিনি টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং কুমুদিনী সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন এই লাক্স সুন্দরী সোহানিয়া। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।
তিনি গত বছরের ১১ ডিসেম্বর নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। সোহানিয়া যোগদান করার পর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। স্থানীয় বৃদ্ধাশ্রমে সহায়তা, বাল্যবিয়ে বন্ধে জিরো টলারেন্স ঘোষণাসহ বিভিন্ন কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি। অল্প সময়ে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বালু পাচার রোধ, মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, তিনি আমাদের উপজেলায় আসার পর বালু পাচার রোধসহবিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। তিনি আসার পর কোনো বাল্যবিয়ে হয়নি।
নিরাপদ বৃদ্ধাশ্রমের পরিচালক সাজিউর রহমান সাজু বলেন, ইউএনও মহোদয় যোগদান করার পর থেকে তিনি বিভিন্নভাবে সহায়তা করেছেন। তিনি আমাদের এলাকার জন্য নানাবিধ পরিকল্পনা করেছিলেন তবে তার হঠাৎ করে বদলি নেতিবাচক প্রভাব ফেলবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রাজিয়া সুলতানা নামে এক বাসিন্দা বলেন, আমার মেয়ে বিরল রোগে আক্রান্ত, তিনি আসার পরে আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। আমি খুব গরীব মানুষ, তার সহায়তা পেয়ে আমি উপকৃত হয়েছিলাম। তিনি থাকলে আমিসহ আরও অনেকে সহায়তা পেতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


