সাইফুল ইসলাম : মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়া, গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। জানা গেছে, মো. আলী হোসেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গালা ইউনিয়নের কালোই গ্রামের আব্দুল বাতেনের বাড়িতে মাদক থাকার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর পরপরই আব্দুল বাতেনের ভাই ইউপি সদস্য মো. আলী হোসেন এসআই অভিজিৎকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করেন। কিছুক্ষণ পর তিনি কয়েকটি মোটরসাইকেলে সাত-আটজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে এসআই অভিজিৎ চৌধুরীকে হুমকি দেন।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল বাতেন পালিয়ে যায়। এসময় ইউপি সদস্য আলী হোসেনসহ দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ভাই আব্দুল বাতেনের বিরুদ্ধেও ১০-১২টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন) আইনে শুক্রবার রাতে হরিরামপুর থানায় মামলা করেন এসআই অভিজিৎ চৌধুরী।
ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, হরিরামপুরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


