বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আল জাজিরা’র এক প্রতিবেদনে জানানো হয়, ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রীয় এলাকায় ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল ও বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন স্থানের কথা উল্লেখ করা হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়, ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক নাগরিকরাও ঝুঁকির মধ্যে থাকতে পারে। সম্প্রতি মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাধ্যমে মার্কিন নাগরিকদের অপহরণের ঘটনাও বেড়েছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনার পর এই সতর্কতা জোরদার করা হয়েছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে দূতাবাস।
এদিকে একই দিন বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতে তিনি নাসার আর্টেমিস-II মিশনের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।
পরবর্তীতে ট্রাম্প প্রায় এক মাস ধরে চলা ইরান-সম্পর্কিত সংঘাতের বিষয়ে বক্তব্য দেন। তিনি দাবি করেন, এ যুদ্ধে ইরানের নৌ ও বিমান শক্তি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
ভাষণে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তারা ‘অসাধারণ কাজ’ করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থ হতে দেবে না।
ট্রাম্প আরও বলেন, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়। এ সময় তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় মার্কিন বাহিনীকে ধন্যবাদ জানান এবং দাবি করেন, এতে আন্তর্জাতিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভাষণে ট্রাম্প তার প্রথম মেয়াদের একটি আলোচিত ঘটনারও উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার অভিযানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তাকে ‘বোমা হামলার মূল পরিকল্পনাকারী’ হিসেবে আখ্যা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


