ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সেদেশের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি জানিয়ে এবার সে হামলার ভিডিও প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে শুক্রবার (২০ মার্চ) সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’র খবরে বলা হয়েছে, আইআরজিসি ‘ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। এ ঘটনার একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।
অবশ্য ‘মিডল ইস্ট আই’ এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
তবে ঘটনা নিশ্চিত হওয়া গেলে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনাও এটি।
অবশ্য মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, ইরানের আকাশসীমায় যুদ্ধ মিশন পরিচালনার পর যুক্তরাষ্ট্রের একটি এফ-থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার ‘নিরাপদে’ অবতরণের পর পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় ১০০ মিলিয়ন ডলারের এই বিমানটি সম্ভবত ইরানের হামলার শিকার হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র প্রায় ১২টি এমকিউ-নাইন রিপার ড্রোন হারিয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া, সৌদি আরবের একটি ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের পাঁচটি কেসি-ওয়ান থ্রি ফাইভ স্ট্র্যাটোট্যাংকার রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
২০১৮ সাল থেকে এফ-৩৫ যুদ্ধবিমান বিভিন্ন অভিযানে ব্যবহৃত হলেও শত্রুপক্ষের গুলিতে আক্রান্ত হওয়ার নিশ্চিত কোনো নজির আগে পাওয়া যায়নি।
এর আগে ১ মার্চ এক ‘ফ্রেন্ডলি ফায়ার’ ঘটনায় কুয়েতের একটি এফ/এ-এইটিন হর্নেট যুদ্ধবিমানের হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-ফিফটিন ই স্ট্রাইক ঈগল ভূপাতিত হয়। এতে থাকা ছয়জন ক্রু নিরাপদে ইজেক্ট করে উদ্ধার হন।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ইরানে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।
তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ইরানের ভেতরে প্রায় ৭ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এছাড়া ৪০টির বেশি মাইন পেতে রাখা নৌযান এবং ১১টি সাবমেরিন ধ্বংস করা হয়েছে। আমাদের লক্ষ্য, যা সরাসরি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রেসিডেন্টের কাছ থেকে নির্ধারিত, প্রথম দিনের মতোই অপরিবর্তিত রয়েছে।
তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস, প্রতিরক্ষা শিল্প খাত দুর্বল করা, নৌবাহিনী ক্ষতিগ্রস্ত করা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। যুদ্ধের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত তিনি নতুন করে কোনো সেনা মোতায়েন করছেন না। তবে প্রয়োজন হলে সে বিষয়ে আগাম কিছু জানাবেন না বলেও ইঙ্গিত দেন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, মার্কিন বাহিনী তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে রয়েছে এবং প্রতিদিনই ইরানের ভেতরে আরও গভীরে হামলা চালানো হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে তিনি স্বীকার করেন, ইরানের এখনো কিছু ক্ষেপণাস্ত্র সক্ষমতা অবশিষ্ট রয়েছে। তারা বিপুল অস্ত্রভাণ্ডার নিয়ে এই যুদ্ধে প্রবেশ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


